
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার পাথরঘাটা উপজেলায় নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই জীবিকায়ন নিশ্চিতকরণে কৃষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় পাথরঘাটা উপজেলার সিসিডিবি কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলার পদ্মা, চরলাঠিমারা ও রুহিতা এই তিনটি গ্রামের মোট ২০ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়, যা তাদের বাস্তব মাঠপর্যায়ের উৎপাদনে সহায়ক ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা। তিনি দেশীয় পদ্ধতিতে কৃষি উৎপাদনের বিভিন্ন কৌশল কৃষকদের হাতে-কলমে প্রদর্শন করেন।
তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হোমস্টেড গার্ডেনিং, অর্গানিক ফার্মিং এবং আইসিএম (ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট) পদ্ধতির গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পদ্ধতি অনুসরণ করলে উৎপাদন খরচ কমার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও রক্ষা করা সম্ভব।
প্রশিক্ষণে কৃষকদের হোমস্টেড গার্ডেনিং, অর্গানিক ফার্মিং ও আইসিএম পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের জন্য উপযোগী আধুনিক ও টেকসই কৃষি কৌশল নিয়েও আলোচনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সিসিডিবির উপজেলা সমন্বয়ক সুজন চন্দ্র বিশ্বাস। তিনি জানান, জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে উপকূলীয় কৃষকদের জীবনমান উন্নয়নই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
প্রশিক্ষণ কর্মসূচি টি আয়োজন করে সিসিডিবি পিসিআরসিবি প্রকল্প যার আর্থিক সহায়তা প্রদান করে জার্মানির ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড।
প্রকল্পটি পাথরঘাটাসহ উপকূলীয় এলাকায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে দীর্ঘমেয়াদে কাজ করে যাচ্ছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এই প্রশিক্ষণ তাদের আধুনিক ও নিরাপদ কৃষি উৎপাদনে উৎসাহিত করবে এবং টেকসই জীবিকায়ন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিনিধির নাম 
























