
আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি
খাগড়াছড়ির গুইমারার বুদংপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে চট্টগ্রাম -খাগড়াছড়ি মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি পন্যবাহী ট্রাক খাগড়াছড়ির দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা চার জন আরোহী সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে হঠাৎ করে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান। পরবর্তীতে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে আজ সকালে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত ব্যক্তির নাম শুভদাস ত্রিপুরা (পিতা: গোনা দাশ বৈষ্ণব)। তার বাড়ি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বৈষ্ণব পাড়ায়।
আহতরা হলেন— মিলন ত্রিপুরা (পিতা: কোমরঞ্জন ত্রিপুরা), রনি বিকাশ (পিতা: স্বপন দাস), দু’জনেরই বাড়ি হাফছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বৈষ্ণব পাড়ায়। অপর আহত ব্যক্তি উত্তম কুমার ত্রিপুরা (পিতা: দহেন কুমার ত্রিপুরা), তার বাড়ি মহালছড়ি উপজেলার ধুমনিঘাট এলাকায়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, “গুইমারা উপজেলার বুদংপাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এখনো পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি, তবে মামলা প্রক্রিয়া চলছে।”
প্রতিনিধির নাম 



















