
মিজানুর রহমান রাশেদ, চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সমন্বয়কারী জশিম উদ্দীন ওপেল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসন থেকে এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
জশিম উদ্দীন ওপেল বলেন, “আমি সবসময়ই জনসেবাকে জীবনের মূল লক্ষ্য হিসেবে দেখেছি। মানুষের অধিকার, উন্নয়ন ও সামাজিক ন্যায়ের জন্য কাজ করতে চাই। যদি সবকিছু অনুকূলে থাকে এবং সর্বশক্তিমান আল্লাহ তায়ালা সহায় হন, তবে ইনশাআল্লাহ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছি।”
তিনি আরও বলেন, “চট্টগ্রাম একটি সম্ভাবনাময় অঞ্চল। এখানকার মানুষের উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নে এখনো অনেক কিছু করার আছে। আমি বিশ্বাস করি, রাজনীতি মানুষের কল্যাণের জন্য, নিজেদের স্বার্থের জন্য নয়। জনগণের আস্থা অর্জন করাই আমার মূল লক্ষ্য।”
দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় জশিম উদ্দীন ওপেল স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও সমাজসেবামূলক উদ্যোগে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর প্রার্থিতা ইতিমধ্যে আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্ব হিসেবে ওপেল নতুন দৃষ্টিভঙ্গি ও ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারেন।
জশিম উদ্দীন ওপেল আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি রাজনীতিকে দেখি মানুষের সেবার প্ল্যাটফর্ম হিসেবে। জনগণের দোয়া ও সমর্থন পেলে চট্টগ্রাম-৫ আসনকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ এলাকার রূপ দিতে কাজ করব।”
প্রতিনিধির নাম 



















