
খাগড়াছড়ি:
খাগড়াছড়ি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন এক ডেলিভারি রোগীর জীবন বাঁচাতে রক্ত দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন গুইমারা উপজেলার ভিডিপি সদস্য মো. রাসেল মীর। এটি তাঁর স্বেচ্ছায় চতুর্থবারের মতো রক্তদান।
জানা যায়, রোগীর জরুরি রক্ত প্রয়োজনে যখন রক্তের সন্ধান চলছিল, তখন মো. রাসেল মীর এগিয়ে আসেন। তাঁর দ্রুত পদক্ষেপে এবং রক্তদানের কারণে রোগীর প্রয়োজনীয় চিকিৎসা দ্রুত শুরু করা সম্ভব হয়।
দেশের সেবামূলক কাজে নিয়োজিত ০৫ নং হিল ভিডিপি সদস্য হিসেবে মো. রাসেল মীর কেবল সামরিক কাজেই নয়, সামাজিক দায়িত্ব পালনেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
রক্তদানের পর তিনি বলেন, “একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে রক্ত দিতে পেরে আমি আনন্দিত। আমি মনে করি, সুস্থ মানুষ হিসেবে আমাদের সকলেরই নিয়মিত রক্তদান করা উচিত। এতে নিজেরও কোনো ক্ষতি হয় না, বরং একজনের জীবন রক্ষা পায়।”
রাসেল মীরের মতো স্বেচ্ছাসেবী রক্তদাতাদের এমন নিয়মিত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় সচেতন মহল। প্রত্যন্ত পার্বত্য এলাকায় এমন মহৎ উদ্যোগ অন্যদেরও রক্তদানে উৎসাহিত করবে বলে মনে করছেন তারা।
