
নিজস্ব প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় অবরোধের পিকেটিং চলাকালে ‘জুম্ম ছাত্র-জনতার’ নামে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে, আগামীকাল থেকে গুইমারা রিজিয়নের আওতাধীন এলাকায় এসব অস্ত্রধারী ও নামধারী সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে ডাকা দ্বিতীয় দিনের অবরোধে (২৭ সেপ্টেম্বর, শনিবার) পিকেটিংয়ের নামে সশস্ত্র হামলা ও মহড়া দেখা গেছে। অবরোধকারীরা এই সুযোগে গুইমারা রিজিয়নের বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, গাছ কাটাসহ নানা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড চালিয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আগামীকাল থেকে তারা এসব অস্ত্রধারী পিকটার নামধারী সন্ত্রাসীদের পাকড়াও করে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। এবার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র আরও জানায়, ধর্ষণকারীকে ধরতে প্রশাসন আন্তরিকভাবে তৎপরতা অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই একজন অভিযুক্তকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যেই পিকেটিংয়ের নামে সশস্ত্র মহড়া দেখা যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন।
প্রতিনিধির নাম 



















