
মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে আক্তার হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে ৫০৫ পিস ইয়াবা ও পৌনে ২ কেজি গাঁজাসহ ক্রেতা সেজে পুলিশে ধরিয়ে দিয়েছে ১৬ বছর বয়সী এক কিশোর। রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের আকবর সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
মাদক কারবারি আক্তার হোসেন উপজেলার এলাহাবাদ ইউনিয়নের কাচিসাইর গ্রামের কাঁচি সাইর বাজারের উত্তর পাশে আকবর সরকারের বাড়ির মৃত কাসেম সরকারের ছেলে।
স্থানীয় কামরুল হাসান সোহেল ও মাজহারুল ইসলাম ভূঁইয়া জানান, আন্ত জেলা মাদক কারবারি আক্তার হোসেনের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ এবং সে মানুষের সাথে উগ্র ও খারাপ ব্যবহার করত।তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে এলেও অজ্ঞাত শক্তি ও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় থাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। আমরা গ্রামের যুব সম্প্রদায় একত্রিত হয়ে মাদক কারবারির বাড়ি ঘেরাও করে, ১৬ বছর বয়সী এক কিশোরকে ইয়াবা কেনার জন্য পাঠাই। ওই কিশোর ইয়াবা কিনে আসার পথে আমরা মাদক কারবারিকে আটক করি। এ সময় কয়েকজন ক্রেতা টের পেয়ে পালিয়ে যায়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আক্তার হোসেনকে জিজ্ঞাসাবাদে তার ঘর থেকে ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, মাদকের বিষয়ে আমরা আপসহীন। ইদানীং প্রতিটা গ্রামে, পাড়া-মহল্লায় মাদক বিক্রেতা ও সেবকের সংখ্যা সীমাহীন বেড়ে গেছে। উপযুক্ত সাক্ষ্য-প্রমাণের অভাবে মাদক কারবারিদের ধরা কঠিন হয়ে পড়েছে।
তার পরও প্রতি সপ্তাহে ২/৩ টি অভিযান অব্যাহত আছে। আজ দুপুরে আটক মাদক কারবারি আক্তার হোসেনকে কোর্টে চালান করা হয়েছে।
প্রতিনিধির নাম 



















