
পাইকগাছা খুলনা প্রতিনিধি।
খুলনার পাইকগাছায় ভুয়া পেপসি কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছে। ঘটনাটি উপজেলার চাঁদখালী ইউপির কমলাপুর বাজারে। জানা গেছে, পাইকগাছা উপজেলার কমলাপুর বাজারে জনৈক আঃ হাকিম গাজি ভূয়া পেপসি কারখানা করে বিষাক্ত রং মিশ্রিত পেপসি বিক্রি করছে। এ খবর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনকে অবগত করেন।

এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বুধবার সকালে স্যানেটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডলকে নিয়ে কমলাপুর বাজারে আঃ হাকিম গাজীর পেপসি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত উক্ত কারখানায় সরকার নিষিদ্ধ রং দিয়ে পেপসি তৈরি ও মিথ্যা লেভেল ব্যবহার করে পেপসি তৈরি করার অপরাধে আঃ হাকিম গাজীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫০০০/=(পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। এছাড়াও পৌরসভার শিববাটী ৯ নং ওয়ার্ডের চা দোকানদারকে সিগারেটের বিজ্ঞাপন রাখার অপরাধে ৫০০/= পাঁচ শত টাকা জরিমানা করেন এবং বিজ্ঞাপন গুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, পেশকার তুহিন বিশ্বাস, আনসার সদস্য ও ফটোগ্রাফার হিরণ্ময় ব্যানার্জী প্রমূখ।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মাহেরা নাজনীন জানান।
