
নেত্রকোনা প্রতিনিধি
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনার মদনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে জেলার মদন প্রেসক্লাব এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর এলাকায় প্রেসক্রাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক মোতাহার আলম চৌধুরী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, এনসিপি নেতা মাহী আকন্দ ফয়সালসহ অন্যরা।
জাকির হোসেন উজ্জ্বল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ থাকবে না। এতে করে দেশ,সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে।
মানবন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি -পেশার ও রাজনৈতিক দলের নেতা – কর্মীরা অংশ নেন।
এর আগে সকাল সোয়া ১১ টার দিকে নেত্রকোনা জেলা শহরেও একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় সাংবাদিক সমাজের ব্যানারে। জেলা প্রেসক্লাবের সামনে সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
