
গুইমারা, খাগড়াছড়ি প্রতিনিধি :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পলায়নের বর্ষপূর্তি উপলক্ষে গুইমারা উপজেলা বিএনপি আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিকাল ৪টায় একটি বিজয় র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু। এ সময় আরও উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: ইউচুপ, সাধারণ সম্পাদক মাহবুব আলী, সহ-সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বিগত স্বৈরাচারী সরকার সাধারণ মানুষসহ সবার কণ্ঠরোধ করে রেখেছিল। গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের তাজা রক্তের বিনিময়ে দেশবাসী আজ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে। তাই সকলকেই শোষক সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”
এর আগে, গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
