
নাজমুল ইসলাম সৈকত, স্টাফ রিপোর্টার:
পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার রোধে পাথরঘাটার ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা হয়েছে পাটের তৈরি পরিবেশবান্ধব ব্যাগ।
বুধবার সকালে পাথরঘাটা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রূপান্তর’-এর সহযোগিতায় সুন্দরবন প্রকল্পের আওতায় ‘পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় পাথরঘাটা পৌর শহরের ৩০ জন ব্যবসায়ীর মাঝে ৩ হাজার পাটের তৈরি ব্যাগ বিনামূল্যে বিতরণ করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান। তিনি বলেন, “প্লাস্টিকের ক্ষতির দিকগুলো ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। সংক্ষেপে বললে, এটি পরিবেশ ও মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সচেতনতা সৃষ্টির পাশাপাশি বিকল্প ব্যবহারে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায় এবং আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী খলিলুর রহমান।
সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, “প্লাস্টিকের ক্ষতি শুধু পরিবেশে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি মানবদেহেও প্রভাব ফেলে। আমরা যদি বলি, পরিবেশ রক্ষায় প্লাস্টিক বন্ধ করতে হবে, অনেকেই গুরুত্ব দিবেন না। কিন্তু যদি বলি, নিজের জীবন বাঁচাতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে, তখন মানুষ হয়তো সচেতন হবে। তাই আমাদের সম্মিলিতভাবে এ বিষয়ে এগিয়ে আসা জরুরি।”
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বাজারে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।
প্রতিনিধির নাম 



















