বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

শ্রমিকদলের উপজেলা সভাপতি ও সম্পাদক পরিচয়ে সভা সমাবেশ। সংবাদ সম্মেলনে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবী

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারি উপজেলায় শ্রমিক দলের সভাপতি ও সম্পাদক পরিচয়ে সভা-সমাবেশ করায় তাদের বহিষ্কারের দাবী জানিয়েছেন উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে উপজেলা শ্রমিক দলের নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের কাছে এ দাবী জানান তারা। এ সময় শ্রমিক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, রবিবার (২০ জুলাই) বিকেলে চিতলমারী উপজেলার সরকারি এস এম মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের লোগো ব্যবহার করে টিপু সুলতান সিকদার উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং গাজী ইনামুল হক সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে চিতলমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফজলুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন এবং সদস্য সচিব আসাদুজ্জামান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বাক্ষরিত চিতলমারী উপজেলায় ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি রয়েছে। যে কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু খান। তারা অত্যন্ত সুনামের সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। এ উপজেলায় কি এমন অবস্থা হয়েছে যে, জেলা কিংবা কেন্দ্রীয় নেতাদের অনুমতি ছাড়া শ্রমিক দলের নাম ও লোগো ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করতে হবে।

নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে জানান, তারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল না। শ্রমিক দলের কোন কার্যক্রম পরিচালনা করে নাই। কিছুদিন আগে থেকেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলাম। ষড়যন্ত্রকারীরা আবারো মাথাচড়া দিয়ে উঠেছে। কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে এবং কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত চিতলমারী উপজেলা কমিটিকে অস্বীকার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের মধ্যে বিশৃঙ্খলা করার লক্ষ্যে ভুয়া পদ পদবী ব্যবহার করে শ্রমিকদল নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা ষড়যন্ত্রকারীদের বহিষ্কার দাবি করছি। তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু খান, সহ-সভাপতি সোহেল মুন্সী, নাজমুল হাসান রনি, শ্রমিক নেতা লিটন শেখ আসলাম গাজী, প্রদীপ মন্ডল, মনির তালুকদার, জিসান মুন্সী, মোহাম্মদ লিটন, মোহাম্মদ তুহিন, কালাম শিকদার, নওশের কাজী, আসলাম শেখ, ফয়জুল শেখ, ইকবাল শেখ, মোহাম্মদ লিটন, লিটন মৃধা সহ শ্রমিক দলের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

থেকে আরও পড়ুন