
অন্তর মাহমুদ মাটিরাঙ্গা প্রতিনিধি,
খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোন কর্তৃক আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় দুঃস্থ ও অসহায় পাহাড়ি বাঙ্গালী পাহাড়ীর মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।
সোমবার সকালের দিকে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে রেশন সামগ্রী, দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, ৩টি অস্বচ্ছল পাহাড়ী পরিবারের মাঝে ঢেউ টিন প্রদান ও ২৫ জন পাহাড়ী ও বাঙ্গালীর মাঝে নগদ অর্থ ও প্রদান করা হয়েছে।
এছাড়াও মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিল্টন ত্রিপুরা প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।
এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল ইব্রাহিম আধহাম ও উপ-অধিনায়ক মেজর মাসুদ খান উপস্থিত সেবা গ্রহনকারীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন ।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম, বলেন, শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী পূর্ব থেকে অদ্যবধি বিভিন্ন মানবেতর চাহিদা পূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে । অনাগত ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রাপ্ত উপকার ভোগি সাধারণ মানুষ জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেনাবাহিনীর জন্য দোয়া করেন।
