
মোঃ ওসমান গণি ইলি কক্সবাজারঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় অপহরণের ১৪ দিন পর জিয়া উদ্দিন কাজল (৩৬) নামে এক ব্যবসায়ীকে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বানিয়ারছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।
জানা গেছে, গত ৬ এপ্রিল রাত ৮টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে জিয়া উদ্দিন কাজলকে অপহরণ করা হয়। তিনি খুটাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেতালিয়া পাড়ার বাসিন্দা এবং মৃত নুর হোসেনের পুত্র।
অপহরণের ঘটনায় গত ৯ এপ্রিল ভুক্তভোগীর স্ত্রী নুসরাত জাহান চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত হিসেবে খুটাখালী ইউনিয়নের শিব্বির আহমদ (৫০), মো. সালাহ উদ্দিন (৩৬), মো. আলী ওরফে আলী আহমদ (৪৫), মো. মিন্টু (৪০) ও আরও ৩-৪ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে কাজলকে অস্ত্রের মুখে জিম্মি করে খুটাখালী বাজার থেকে অপহরণ করা হয়। তাকে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজি অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
মামলার পরপরই পুলিশ অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে। ধারাবাহিক অভিযানে চাপে পড়ে অপহরণকারীরা কাজলকে বানিয়ারছড়া এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, অপহরণ মামলার পর একটি বিশেষ পুলিশ টিম গঠন করা হয়। অবশেষে ১৪ দিন পর বানিয়ারছড়া পাহাড়ি এলাকা থেকে ব্যবসায়ী কাজলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসা ও জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধির নাম 



















