
নাজমুল ইসলাম সৈকত, পাথরঘাটা (বরগুনা)
বরগুনার পাথরঘাটা উপজেলায় সোমবার দুপুরে পানিতে ডুবে ওমর আলী নামে ৪ বছর এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে বাবা সাগরে থাকায় এখনো খবর পৌঁছায়নি তার কাছে।
উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জ্ঞানপাড়া গ্রামে ২ ডিসেম্বর (সোমবার) দুপুর ২ টার দিকে এমন হৃদয়বিদারক ঘটনা ঘটে। তার জন্মদাতা পিতা সাগরে জীবিকার জন্য মাছ ধরতে যাওয়ায় সে এখনো খবর পায়নি। এমন অবস্থায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কয়েকদিন পর তার বাবা ঠিকই ফিরে আসবে, সন্তানের জন্য হয়তো কিছু নিয়ে আসার চিন্তাও করবে। কিন্তু সংবাদটি কিভাবে গ্রহণ করবে? যদিও বলা হয় “বাবার কাঁদে সন্তানের লাশ” সবচেয়ে ভারী তারপরও এমন সংবাদ শোনার পর ওমরের বাবা এই ভার বইবার আকাঙ্খা কিছুটা হলেও উপলব্ধি করবে। ওমরের বাবার নাম শাহজাহান হাওলাদার। সে ৪ থেকে ৫ দিন আগে সাগরে মাছ ধরার জন্য গেছে। সাধারণত বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য গেলে নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকে এবং জেলেরা ১০ থেকে ১৫ দিন অবস্থান করে।
স্থানীয়রা জানান দুপুরে বাড়ির সামনে খেলতে থাকার দরুন কোনো একসময় বাড়ির পুকুরে পরে শিশু ওমর। পরে ওমরের মা মাহমুদা বেগম তার সন্তানকে পুকুরে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা চলে আসে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে আজ সন্ধ্যার পর জানাজা শেষে দাফন করা হয় শিশুটিকে। ৪ বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যু এবং তার বাবারও খবরটি অজানা থাকার দরুন পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এই ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
