
খাগড়াছড়ি প্রতিনিধি :
সংগঠনের তিন কর্মীকে হত্যার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
অবরোধের কারণে ঢাকা, চট্রগ্রামসহ দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চলছেনা আন্ত:জেলা ও অভ্যন্তরীণ সড়কে কোন গাড়ি। তবে শহর, শহরতলীতে হালকা যান চলাচল করতে দেখা যায়।
এছাড়া ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৈশ বাসগুলো পুলিশ পাহাড়ায় খাগড়াছড়িতে প্রবেশ করে।
এদিকে অবরোধের সমর্থনে জেলার কয়েকটি স্থানে পিকেটিং এর খবর পাওয়া গেছে। তবে এখনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, অবরোধকে কেন্দ্র করে কেউ যাতে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের টহল চলছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল খাগড়াছড়ির পানছড়ির লতিবান ইউনিয়নের শুকনাছড়ি এলাকায় দুবৃর্ত্তের গুলিতে সিজন চাকমা,জয়েন চাকমা ও শাসন ত্রিপুরা নামে তিন কর্মী নিহত হয়। এরই প্রতিবাদে আজ সকাল সন্ধ্যা অবরোধের ডাক দেয় ইউপিডিএফ।
