
মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজারঃ
কক্সবাজারের নবাগত পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও করোনার মহামারিতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আপনার আমাদেরকে সহযোগিতা করেছেন। সাংবাদিকরা সমাজের দর্পণ।পুলিশ সাংবাদিকদের এভাবেই কাজ করতে হবে, যাতে আয়নায় উভয়ের মুখ ঝলঝল করে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে কক্সবাজার প্রেসক্লাবসহ সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতে তিনি শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করেন। পর্যটন শহর কক্সবাজারে নবাগত পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বলেছেন, কক্সবাজারে অতিরঞ্জিত পুলিশিং চলবে না। যে পুলিশ মানুষকে হয়রানি করবে আমি তাকে চরম হয়রানি করবো। পেশাদারিত্বের সঙ্গে প্রকৃত সেবক হয়ে জনগণের প্রত্যাশার চেয়েও বেশি কিছু করবে পুলিশ। মানুষকে হয়রানি না করে আস্থার জায়গায় ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা থাকবে এই বাহিনীর।তিনি বলেন, পুলিশ সুপার কার্যালয় এবং থানাগুলো থাকবে দালাল ও প্রভাবমুক্ত। তথ্যপ্রবাহ সকলের জন্য থাকবে অবারিত। সাংবাদিকরা বলেন, বিগত ছাত্রজনতার আন্দোলনের সময় কক্সবাজারে যারা মিছিলে গুলি করেছিল, সন্ত্রাস করেছিল সেই দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করা, দ্রুত থানাগুলোকে কার্যকর করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও পর্যটকসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ টহল জোরদার করার উপর জোর দেন। রোববার (৮ সেপ্টেম্বর) কক্সবাজারের নতুন পুলিশ সুপার হিসেবে মুহাম্মদ রহমত উল্লাহ বিদায়ী পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এর আগে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ তার কার্যালয়ে পৌঁছালে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং জেলা পুলিশ তাকে অভ্যর্থনা জানান। নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ এর আগে হাইওয়ে পুলিশ ময়মনসিংহ রিজিয়নে পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলার বাসিন্দা। ১৯৯৪ সালে ঢাকা আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি এবং ১৯৯৬ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য নিয়ে অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেন। নতুন এসপি মুহাম্মদ রহমত উল্লাহ ২০০৬ সালের ২১শে আগস্ট ২৫তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশের চাকুরীতে যোগদান করেন। বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা ২০১৩ সালের ৬ই মার্চ অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ২০১৮ সালের ৭ই নভেম্বর পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন।
চাকুরী জীবনে তিনি সার্কেল এএসপি হিসেবে বরগুনা জেলা, কিশোরগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, সিনিয়র সহকারী পরিচালক হিসাবে রাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে হবিগঞ্জ জেলা, এসএমপি, সিলেট ও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন ও সর্বশেষ ময়মনসিংহ রিজিয়নে পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া পুলিশ সুপার (অপারেশন ও স্পেশাল এ্যাফেয়ার্স) হিসেবে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় চাকুরী করেছেন তিনি। এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, শামসুল হক শারেক, মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, এইচএম এরশার, হাসানুর রশীদ, সাইফুর রহিম শাহীন, আমানুল হক বাবুল, মোস্তফা সরওয়ার।এসময় আরো ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (,ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. মিজানুর রহমান।
