
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁ বদলগাছীতে ভিজিএফের চাল বিতরণের সময় অনিয়ম পরিলক্ষিত হলে তথ্য সংগ্রহ ও ভিডিও ধারণের সময় সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালসহ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। একই সঙ্গে তাকে ইউনিয়ন পরিষদে টাংগিয়ে রাখার হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় মিঠাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন এমন নিন্দনীয় কাজ ও হুমকি প্রদান করেন।
লাঞ্ছিত হওয়া সাংবাদিকরা হলেন- দৈনিক ইনকিলাব পত্রিকার উপজেলা প্রতিনিধি (বদলগাছী মডেল প্রেসক্লাব) সাংগঠনিক সম্পাদক এনামুল কবির এনাম,
এদিকে যে কালোবাজারির তথ্য সংগ্রহ করতে এমন ঘটনা ঘটেছে তার একটি ভিডিও ফুটেজে সোস্যালে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি ইউপি হল রুম থেকে প্লাস্টিকের বস্তা করে চাল বাহিরে অবাধে পাচার করছে। এমন ঘটনা দেখে ওই সাংবাদিক পেশাদার দায়িত্বের তাগিদে ভিডিও ধারণ করে। বিষয়টি চেয়ারম্যানের কর্ণপাত হলে তিনি বাহিরে এসে সাংবাদিককে ঘুষ বাবদ চাল অফার করেন। কিন্তু চাল নিতে অস্বীকৃতি জানালে তখনই চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে মারমুখী আচরণ এবং গালাগাল করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি, বদলগাছী মডেল প্রেসক্লাব, এবং স্থানীয় অনান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব বদলগাছী উপজেলা প্রতিনিধি এনামুল কবির জানান, তিনি মিঠাপুর ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহে যান। প্রাথমিকভাবে অনিয়মের সত্যতাও পান। এ সময় অনিয়মের বিষয়ে প্রমানের জন্য ভিডিও ধারণ করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ হোসেন জানতে পেয়ে বিভিন্নভাবে ধামাচাপার চেষ্টা করেও কোন লাভ না হওয়ায় উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসেন। এবং কোন সাংবাদিক যদি চাল চুরির সংবাদ পরিবেশন করে তাহলে তাকে ধরে এনে পরিষদে টাংগিয়ে রাখার হুমকি প্রদান করেন।
এ বিষয়ে বদলগাছী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান সাংবাদিক এনামুল কবির এনাম।
উক্ত বিষয়ে মিঠাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেনের ফোনে একাধিক বার যোগাযোগ করেও কোন সাড়া পাওয়া যায় নি।
