
নাহিয়ান নাসিমঃ
প্রথমবারের মতো একটি ওয়েব ফিল্মে একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা ও তরুণ অভিনেতা রাজুব ভৌমিক রাজ। ওয়েব ফিল্মটির নাম ‘স্বয়ংবর’। অ্যাকশন ঘরানার এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন তানিম আহমেদ। সম্প্রতি ওয়েব ফিল্মটির শুটিং শেষ হয়েছে।
এ প্রসঙ্গে পরিচালক তানিম আহমেদ বলেন, ‘স্বয়ংবর’ ওয়েব ফিল্মের কাজ সম্পন্ন করতে পুরো টিমের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা ছিল অপরিহার্য। এতে প্রেম, বন্ধুত্ব এবং অ্যাকশনের এক সুন্দর কম্বিনেশন দেখতে পাবেন দর্শকরা।’
শিরিন শিলা বলেন, ‘এক অসাধারণ ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছি। এর কাহিনি আবর্তিত হয়েছে একটি স্বয়ংবরের অনুষ্ঠানকে কেন্দ্র করে। আমার বিশ্বাস এ সিনেমার গল্প, সঙ্গীত এবং দৃশ্যায়ন সবই দর্শকদের এক অন্যরকম অভিজ্ঞতা দিতে প্রস্তুত। আশা করি, দর্শকরা আমার কাজকে উপভোগ করবেন এবং চরিত্রটিকে হৃদয়ে স্থান দেবেন।’
নায়ক রাজুব ভৌমিক রাজ বলেন, ‘একজন অভিনেতা হিসেবে শুটিং শেষ করার পর আমার অভিজ্ঞতা ছিল অসাধারণ। প্রতিটি দৃশ্যে কাজ করার সময় আমি চরিত্রের গভীরে ডুবে থাকার চেষ্টা করেছি। সহ শিল্পীদের সঙ্গে সমন্বয়টাও ছিল অসাধারণ। প্রতিটি মুহূর্ত ছিল চ্যালেঞ্জিং কিন্তু একই সঙ্গে আনন্দদায়ক। আশা করি, দর্শকরা আমার প্রচেষ্টা উপভোগ করবেন।’
‘স্বয়ংবর’ ওয়েব ফিল্মে আরো অভিনয় করেছেন কচি খন্দকার, শীমান্ত খান, রোজী সিদ্দিকী, ডন, তমাল, পারভেজ সুমন, নওরীন প্রমুখ। নির্মাতা জানিয়েছেন, খুব শিগগিরই এই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে।
