
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ
মিথ্যা ধর্ষণের মামলা করে আসামিপক্ষকে ফাঁসানোর অভিযোগে এক নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন নওগাঁর আদালত।
৩ জানুয়ারি,বুধবার নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মেহেদী হাসান তালুকদার এ নির্দেশ দেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়,নওগাঁর ধামইরহাট উপজেলার লক্ষণপাড়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে ফাতেমা (২১) একই উপজেলার শংকরপুর চকনোয়াই গ্রামের মতিবুল ইসলামের (৫০) বিরুদ্ধে ২০১৮ সালের ১১ জুলাই ধর্ষণ মামলা করেন। পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল সাতজন সাক্ষীর সাক্ষ্য নেন। এতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চলতি বছরের ২৭ আগস্ট সব আসামিকে খালাস দেন। তবে মামলা চলাকালেই শাহিনুর আলম নামের এক আসামি ফাতেমাকে বিয়ে করে খালাস পান।
এদিকে, মিথ্যা মামলার কারণে শারীরিক, আর্থিক ও মানসিক ক্ষতি হয়েছে দাবি করে ২০২৩ সালের ২৯ নভেম্বর ফাতেমার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করেন ভুক্তভোগী মতিবুল। বিচারক মেহেদী হাসান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে মিথ্যা মামলা করায় ওই নারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
বুধবার আদালতে হাজির হয়ে ফাতেমা জামিন আবেদন করলে বিচারক উভয়পক্ষের শুনানি নেন। পরে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রতিনিধির নাম 



















