বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

পাইকগাছায় মাদকের আস্তানায় যৌথ হানা: গাঁজাসহ বিক্রেতা আটক

​পাইকগাছা খুলনা, প্রতিনিধি

খুলনার পাইকগাছা পৌর এলাকায় মাদকের বিস্তার রোধে সাঁড়াশি অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার (১১ মে) সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের শিবসাঘাট এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে গাঁজাসহ মো. সাকিব গাজী (২১) নামে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

​গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এই যৌথ অভিযান শুরু করে। শিবসাঘাট সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে সাকিব গাজীকে মাদকসহ হাতে-নাতে ধরা হয়। আটক সাকিব স্থানীয় মো. সফিকুল গাজীর ছেলে।

​অভিযান চলাকালীন মাদক বিক্রির নগদ ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়, যা পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে সাকিবের মায়ের কাছে বুঝিয়ে দেয় প্রশাসন। জব্দকৃত গাঁজা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে সাকিব গাজীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযানে খুলনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মো. সফিয়ার রহমানসহ বাহিনীর অন্যান্য সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের শেকড় উপড়ে ফেলতে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এমন অতর্কিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না। এছাড়া গোপন তথ্যের ভিত্তিতে দিনব্যাপী অভিযানের অংশ হিসেবে উপজেলার আরও কয়েকটি পয়েন্টেও অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

থেকে আরও পড়ুন