
নেত্রকোনা প্রতিনিধি:
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়। এ উপলক্ষে সকালে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এবং উপজেলা শিক্ষা সমিতির সভাপতি শাহজাহান আলম খান বিপ্লব প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, “সুস্থ ও মেধাবী জাতি গঠনে পুষ্টিকর খাদ্যের কোনো বিকল্প নেই। শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের সবাইকে সচেতন হতে হবে। পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে পারলে অপুষ্টিমুক্ত, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, পুষ্টিহীনতা দূর করতে হলে সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করা জরুরি। সরকারের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগেই একটি সুস্থ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
