
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাড়িয়ায় মাড়িয়া যুব কল্যাণ সংঘের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাড়িয়া খেলার মাঠে আয়োজিত এই ম্যাচটি দর্শকদের ব্যাপক আগ্রহ ও উৎসাহের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময় শেষে কামারপাড়া স্পোর্টিং ক্লাব ও কানুপুর টাইগার ক্লাব ২-২ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে কানুপুর টাইগার ক্লাবকে পরাজিত করে কামারপাড়া স্পোর্টিং ক্লাব কোয়ার্টার ফাইনালে জয়লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোরশেদ মিল্টন।
মাড়িয়া যুব কল্যাণ সংঘের সভাপতি ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি বাদশা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম, আসাদুজ্জামান অটল, আমিনুর রহমান জোয়ারদার ও শাহাদত হোসেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাড়িয়া যুব কল্যাণ সংঘের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলী খন্দকার, রহমত আলী, শামিনুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
