
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় দুর্বৃত্তরা সাবেক ইউপি সদস্যকে মাথায় হাতুড়ি দিয়ে পিটায়ে মৃত্য নিশ্চিত করে ফেলে রেখে গেছে। বৃহষ্পতি বার রাত ১০ টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের দেলুটি গ্রামের সরদার বাড়ির কাছে ওয়াবদার পাকা রাস্তার পাশে এ ঘটনা ঘটে। একটি রক্ত মাখা হাতুড়ি ওয়াবদার নিচ থেকে এলাকাবাসী উদ্ধার করেছে। পুলিশের কর্মবিরতির চলার কারণে মরদেহটি সুরতহাল ও ময়না তদন্ত ছাড়াই সৎকার করা হয়েছে।
মৃতের ভাইপো স্বপন বিশ্বাস ও ভাই তুফান বিশ্বাস জানান, উপজেলার দেলুটি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য স্বপন কুমার বিশ্বাস(৫৮) রাত দশটার দিকে দেলুটি বাজার থেকে বাড়ি আসছিল। এ সময় দেলুটি গ্রামের সরদার বাড়ির নিকট পৌছালে আনুমানিক ৩/৪ জন দুর্বৃত্তরা তার পিচন দিক থেকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় গৌয়র মজুমদার জানান, আমি রাত ১০ টার দিকে চিংড়ি ঘেরে যাচ্ছিলাম এমন সময় দেখতে পাই রাস্তার নিচে কে যেন পড়ে আছে। আমি ভয়ে তার দিকে না গিয়ে পাশে দোকানে লোকজনকে বলি। তাৎক্ষনিক তারা ঘটনাস্থলে এসে মৃতের বাড়িতে খবর দেয়। স্থানীয় ইউপি সদস্য নিরাপদ কবিরাজ বলেন, আমি ঔই রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যাই। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, বর্তমানে কর্মবিরতি চলছে। সে কারণে কোন পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়নি।
