
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ কওমী ছাত্রপরিষদের উদ্যোগে জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা-২০২৩-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানী ঢাকার একটি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আ.স.ম আল আমিনের পরিচালনায় ও সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর সিনিয়র পেশ ইমাম শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল্লাহিল বাকি নদভী। প্রধান অতিথি তার বক্তব্যে হিফজুল হাদিসের গুরুত্ব তুলে ধরে বলেন,বর্তমান সময়ে এধরনের আয়োজন আরো বেশি করা দরকার।প্রধান অতিথি তার বক্তব্যে ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাঃ এর সুন্নাহ পালন করার উদাত্ত আহ্বান জানান এবং হিফজুল কুরআন প্রতিযোগিতার পাশাপাশি হিফজুল হাদিস প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ, নারায়নগঞ্জ মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদিস শায়েখ আবু নোমান আল মাদানী,বিশেষ অতিথি ছিলেন মাদরাসাতুল হুদা বাসাবো ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা আব্দুর রাযযাক কাসেমী নদভী ও জামালুল কুরআন গেন্ডারিয়া, ঢাকার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম। সারা দেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে পর্যায়ক্রমে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত রবিবার উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রথম ৩ জনসহ মোট ২৫ জনকে পুরস্কৃত করা হয়। ১ম স্থান অধিকার করে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগী আবদুল আজিজ, ২য় স্থান অধিকার করে সিলেট বিভাগের মাদয়ান মাহির, ৩য় স্থান অধিকার করে চট্টগ্রাম বিভাগের মো. আশরাফুল ইসলাম। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার, ১০ হাজার টাকা সমমূল্যের পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া বাকিদেরকেও নগদ অর্থসহ ক্রেস্ট, সনদ ও কিতাব প্রদান করা হয়।
প্রতিনিধির নাম 


















