
মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি::
ফরিদপুরে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ এর কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরার অডিশন শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’ শিরোনামে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইসলামিক শরিয়াহ রিসার্চ সেন্টার চত্বরে রেজিস্ট্রেশনের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়।
ফরিদপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাফেজে কুরআনগণ (প্রতিযোগীরা) সুশৃঙ্খলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এবং প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজনের মধ্যে হাফেজ ক্বারী মো. বেলাল মাদানী একজন। এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ প্রতিযোগিতার অসিলায় ফরিদপুরে হাফেজে কুরআন দের এযেনো এক মিলনমেলা শুরু হয়েছে। এমন একটি অনুষ্ঠানের (প্রতিযোগিতার) আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা স্বীকার করছি।
ফরিদপুর বিভাগের অডিশন সমন্বয়ক হাফেজ মাওলানা মো. রাকিব হাসান সাংবাদিকদের বলেন, ১৬ বছরের কম বয়সের কুরআনের হাফেজরা অডিশনে অংশ নিতে পারছে। হিফজুল কুরআন প্রতিযোগিতার ফরিদপুর বিভাগে ৫০০ জন কুরআনের হাফেজ অংশগ্রহণ করবে। এখানে ৪টি বুথে নিবন্ধন চলছে। অডিশনে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের মুফতি এহসানুল হক জিলানী পেশ ইমামসহ মোট ১২ জন বিচারক অডিশনের বিচারকার্য পরিচালনা করবেন।
সূত্রে জানা যায়, এবারের কুরআনের নূর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী হাফেজ পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে ৭ লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার ৫ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার ২ লাখ টাকা করে এবং সম্মাননা। এছাড়া ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী বাকি তিনজন পাবে ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননা। এবারও জাতীয় পর্যায়ের আট বিজয়ী, তাদের পরিবার ও ওস্তাদকে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠানো হবে।
অন্যদিকে প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ের প্রথম বিজয়ী পাবে ১৫ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবে ১০ লাখ টাকা ও সম্মাননা এবং তৃতীয় বিজয়ী পাবে ৫ লাখ টাকা ও সম্মাননা।
উল্লেখ্য যে, বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুসল্লি কমিটির আয়োজনে এ হিফজুল কুরআন প্রতিযোগিতা-
২০২৪ ‘কুরআনের নূর’- এর ফরিদপুর বিভাগের এই অডিশন পর্ব চলছে। পবিত্র রমজান মাসে ‘কুরআনের নূর’ অনুষ্ঠান সম্প্রচারিত হবে নিউজটোয়েন্টিফোর টেলিভিশন।
প্রতিনিধির নাম 


















