
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের একটি পোল্ট্রি খামারে আগুনে পুড়ে ১৬শ মুরগির মৃত্যু হয়েছে। তবে আগুন লাগার ঘটনায় ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। পোল্ট্রি খামার মালিকের দাবি অনুযায়ী ৬ থেকে ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডে। ঘটনাটি ঘটেছে বাগেরহাট জেলা সদরের খানপুর এলাকার মোঃ ফয়সাল তরফদারের পোল্ট্রি খামারে। শনিবার (১৮ নভেম্বর) ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, খামারের মধ্যে থাকা ১৬শ মুরগি আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে। লেবাররা গর্ত খুঁড়ে মুরগিগুলো পুঁতে রাখার জন্য কাজ করছে। পোড়া দুর্গন্ধে সেখানকার বাতাস ভারী হয়ে গেছে। ঘটনা শুনে বিভিন্ন স্থান থেকে আসা লোকজন ভিড় করেছে খামারে। স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাণী সম্পদ বিভাগের কেউই ঘটনাস্থলে উপস্থিত হন বলে জানান তারা।
আগুন নেভানোর সময় উপস্থিত কয়েকজনে জানান, আগুন লাগার ঘটনা শোনা মাত্র ৭০ থেকে ৮০ জন স্থানীয় বাসিন্দা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার আগেই খামারে থাকা সকল মুরগির মৃত্যু হয়। বৈদ্যুতিক ত্রুটি কিংবা কোন কারণে খামারটিতে আগুন লেগেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছে না। খামার মালিকের প্রায় সাত থেকে আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
খানপুর এলাকার শামসুর রহমান তরফদারের ছেলে পোল্ট্রি খামারের মালিক ফয়সাল তরফদার জানান, শনিবার ভোর সাড়ে চারটার সময় জানতে পারি পোল্টি খামারে আগুন লেগেছে। স্থানীয় লোকজন নিয়ে ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু সে চেষ্টা সফল হয়নি। নিয়ন্ত্রণে আসার আগেই খামারে থাকা বিক্রয় যোগ্য ১৬শ মুরগী আগুনে পুড়ে মৃত্যুবরণ করে। মুরগিগুলোর বয়স হয়েছিল ৫৬-৫৭ দিন।
তিনি আরো বলেন, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার জন্য ব্যাংক থেকে লোন করে চারটি পোল্ট্রি ও বয়লারের খামার করেছি। আগুনে পুড়ে বিক্রয়যোগ্য সকল মুরগি মারা গেছে, সেই সাথে ঘরটিও পুড়ে গেছে। সর্ব সাকুল্যে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমার। এই মুহূর্তে আগুন লাগার বিষয়টি ধারণা করতে পারছি না।
ঘটনার বিষয়ে প্রাণিসম্পদ বিভাগের উপসহকারী মল্লিক শাহীন আক্তার বলেন, ফয়সাল তরফদারের পোল্ট্রি ফার্মে আগুন লাগার ঘটনাটি শুনেছি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করব। সে যদি লিখিতভাবে আমাদের কাছে সহায়তা কিংবা ক্ষতিপূরণের আবেদন করেন তবে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তাকে সহায়তা করার চেষ্টা করব।
প্রতিনিধির নাম 


















