
নুরুজ্জামান লিটন, নওগাঁ
নওগাঁ জেলার মহাদেবপুরে হত্যা মামলায় গ্রেফতার এড়াতে ভিক্ষুক বেশ ধারণ করেও ঘটনার ৬০ ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামি মোজাম আলীকে ১৪ নভেম্বর,মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মোজাম আলী মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১১ নভেম্বর দুপুর ১টার দিকে চকগোবিন্দ গ্রামের সানাউল্লাহর ছেলে আব্দুস সালামকে দিনদুপুরে রাস্তায় কুপিয়ে পালিয়ে যায় মোজাম।
স্থানীয়রা সালামকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় নিহতের ছেলে সুমন বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর মাত্র ৬০ ঘণ্টার মধ্যেই এজাহার নামীয় ১নং আসামি মোজাম আলীকে সোমবার সন্ধ্যায় এনায়েতপুর ইউপি এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে মোজাম ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করেছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
প্রতিনিধির নাম 


















