
নুরুজ্জামান লিটন,নওগাঁ
নওগাঁ জেলার রাণীনগরে পুকুর থেকে পানি সেচের সময় লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে ইউপি মেম্বারের মৃত্যু হয়েছে।
১০ জুলাই,সোমবার সন্ধ্যায় রাণীনগর উপজেলার শীবের মাধাইমুড়ি হাটগাড়িপাড়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত শফিকুল ইসলাম শফিক উপজেলার শীবের মাধাইমুড়ি হাটগাড়িপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে। তিনি কালীগ্রাম ইউপির ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
নিহতের বড় ভাই সাইদুর রহমান জানান, বাড়ির পাশে একটি পুকুর থেকে মাছ ধরার জন্য রবিবার থেকে বিদ্যুৎচালিত মটর দিয়ে পুকুরের পানি সেচ দিচ্ছিলাম। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ছোট ভাই শফিকুল পুকুরটি দেখতে যায়। তখন মটরে পানি উঠছিলো না।
এ সময় পানির লাইন ঠিক করার জন্য মোটরের ফ্যান পরিষ্কার করতে পুকুরে নামে শফিকুল। বিদ্যুতের সংযোগ থাকা অবস্থায় মোটরের ফ্যান পরিষ্কার করার সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পুকুরে ভাসছিল। এ সময় একজন প্রতিবেশি শফিকুলকে পুকুরে ভাসতে দেখে আমাদের খবর দেন। আমরা পরিবারের লোকজন দ্রুত শফিকুলকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, খবর পেয়ে ময়না তদন্তের জন্য ইউপি সদস্য শফিকুলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রতিনিধির নাম 


















