
ময়মনসিংহে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা বিভাগীয় কমিটি । মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় এ উপলক্ষ্যে বিভাগীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগীয় সহ-সভাপতি এ কে এম মোখলেসুর রহমান তপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনপিএস কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড. এ. টি. এম মাহবুব উল আলম। প্রধান অতিথির বক্তব্যে মাহবুব বলেন, আজ মাতৃভাষা আন্দোলনের ৭১ বছর পূর্ণ হলো। একুশে ফেব্রুয়ারি শোকাবহ হলেও এর যে গৌরবোজ্জ্বল অধ্যায় রয়েছে, তা পৃথিবীর বুকে অনন্য। কারণ বিশ্বে এ যাবতকালে একটি মাত্র জাতিই ভাষার জন্য জীবন দিয়েছে। আর সে জাতি হলো বাঙালি। ১৯৫২ সালের এদিনে ‘বাংলা’কে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে মিছিল নিয়ে নেমে আসে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনের এ দুর্বারগতি পাকিস্তানি শাসকদের শঙ্কিত করে তোলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, রফিক ও বরকতগুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ভাষা শহীদদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি সেদিন ‘মায়ের ভাষা’র মর্যাদা অর্জনের পাশাপাশি রাজনৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও পায় নব প্রেরণা। এরই পথ বেয়ে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ। এছাড়াও আরো বক্তব্য রাখেন এনপিএস বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালেহা আক্তার সুইটি, যুগ্ম সাধারণ সম্পাদক আকিকুন্নাহার রীপা, সদস্য শুকতারা, মহানগর এনপিএস এর সাধারণ সম্পাদক শাহনাজ বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, সালাউদ্দিন, মিলি আক্তার সহ বিভাগীয় জেলা ও মহানগর এনপিএস কমিটির অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। আলোচনা শেষে ৫২ এর ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে প্রত্যুষে ৫২ এর সকল ভাষা শহীদদের স্মরণে নগরীর টাউনহল প্রাঙ্গণের কেন্দ্রীয় শহীদ মিনারে গভীর শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পন করেন এনপিএস কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড. এ. টি. এম. মাহবুব উল আলমসহ বিভাগীয় জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।
