
খাগড়াছড়ি পৌরসভার মেহেদীবাগস্হ বায়তুল করিম মাদরাসা কমপ্লেক্সে বয়স্কদের কুরআন শিক্ষার কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৮ ফেব্রুয়ারী) বাদ এশা মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক মাওলানা সানাউল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক পৌর মেয়র আলহাজ্ব রফিকুল আলম, খাগড়াছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, বিশিষ্ট রাজনীতিবিদ সোয়াইব খান, টিটিসি মসজিদের ইমাম মাওলানা আশ্রাফ আলী, মেহেদীবাগ মসজিদের পেশ ইমাম মাওলানা কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম বলেন, ডারউইনের বিবর্তনবাদ “মানুষ বানর থেকে সৃষ্টি”এ কথা বিজ্ঞানীরা প্রত্যাখ্যান করছে। বানর থেকে মানুষের সৃষ্টি কোরআনের সাথে সাংঘর্ষিক,যার একথা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না। আমাদের ছেলেমেয়েদের ঈমান হরণ করার উদ্দেশ্যে পাঠ্যপুস্তকে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। মুফতি ইমাম উদ্দিন কাসেমী বলেন, মানুষ বানর থেকে সৃষ্টি এ কথা বলার উদ্দেশ্য কি জানেন? পশুপাখি ও বানর মৃত্যুর পর তাদের কোন হিসাব-নিকাশ নেই। তেমনিভাবে মানুষেরও মৃত্যুর পর হিসাব নিকাশ হবে না।এটি বোঝানোর জন্য মানুষ বানর থেকে সৃষ্টি বলা হয়েছে। সুতরাং এ কথা কোন বিবেকবান মানুষ বিশ্বাস করতে পারে না। মাওলানা নূরুল কবির আরমান বলেন, কুরআন থেকে বিমুখ থাকার কারণে মুসলমানরা সারা বিশ্বে নির্যাতিত, নিষ্পেষিত ও জুলুম নির্যাতনের শিকার। এর থেকে মুক্তি পেতে হলে কুরআন ও হাদিস কে মজবুত ভাবে আঁকড়ে ধরতে হবে। কুরআনের আদেশ-নিষেধ মেনে চলতে হবে। পরে দেশ,জাতিও ইসলামের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
