
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে চোলাই মদ তৈরির অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়ে মদ প্রস্তুতের উপকরণ জব্দ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা
কর্মীরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ৪ নম্বর মিঠাপুর ইউনিয়নের জগপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জগপাড়া গ্রামের কাজল রায়ের স্ত্রী কবিতা রানী ওরফে সুমিতা রানীর বসতবাড়িতে চোলাই মদ তৈরি করা হচ্ছে—এমন খবরের ভিত্তিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। এ সময় মদ তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন উপকরণ দেখতে পান তারা।
অভিযানের সময় কবিতা রানী একটি পাতিলের মদ তৈরির উপাদান মাটিতে ঢেলে নষ্ট করে দেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান। পরে সেখানে থাকা আরও কয়েকটি পাতিল ও সরঞ্জাম নষ্ট করা হলেও একটি পাতিল অক্ষত অবস্থায় জব্দ করা হয়।
অভিযানে মিঠাপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও উজালপুর ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক সেনাসদস্য খাইরুল ইসলাম, বদলগাছী উপজেলা বিএনপির উপদেষ্টা দেলোয়ার হোসেন, খাদাইল ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুকুল হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, মিঠাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও ক্রীড়া সম্পাদক ফিজার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা চোলাই মদ তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রতিনিধির নাম 


















