
নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে বিরোধের জেরে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার গোঁবরচাপা মোড়ে এ ঘটনা ঘটে। আহত আবু রায়হান গিটারকে স্থানীয়রা উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গোঁবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহারকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে স্থানীয়দের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে রোববার দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার সেখানে গেলে তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় গিটারকে রক্ষা করতে গিয়ে শাহীন নামের আরও এক যুবক আহত হন। পরে স্থানীয় লোকজন সুজাউল ইসলামকে মারধর করলে তিনিও আহত হন। তাকে পরে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে সুজাউল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ছেলে সিয়াম ফোনটি ধরেন। তিনি বলেন, তার বাবা প্রায় চার বছর ধরে গোঁবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহার করে আসছেন। সম্প্রতি ওই ঘর ব্যবহার নিয়ে গিটারের লোকজনের সঙ্গে বিরোধ তৈরি হয়। এ বিরোধ থেকেই মারামারির ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
ছুরিকাঘাতের অভিযোগের বিষয়ে আবু রায়হান গিটার বলেন, “ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। পরিস্থিতি শান্ত করতে আমি সেখানে গিয়েছিলাম। একপর্যায়ে সুজাউল ইসলাম আমাকে ছুরিকাঘাত করেন।”
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, আবু রায়হান গিটারের বুকের ক্ষতটি বেশ গভীর ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 


















