
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
প্রবাসীদের অধিকার আদায় এবং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ইতালিতে বৃহত্তর সিলেটবাসীর অন্যতম সামাজিক সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি-এর উদ্যোগে বার্ষিক বনভোজন ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
রোমের অদূরে পাহাড় ও মনোরম লেকবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যের লেক লাগো দি ব্রাচ্চিয়ানো (Lago di Bracciano)-এর তীরে আয়োজিত এ বনভোজনে সংগঠনের সদস্য, তাদের পরিবার এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
সংগঠনের সভাপতি রুবেল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধায়নে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রিপন এর পরিচালনায় দিনব্যাপী আয়োজনে ছিল ঐতিহ্যবাহী বাংলা খাবারের সমৃদ্ধ পরিবেশনা, শিশু ও বড়দের জন্য বিভিন্ন ধরনের গ্রামীণ ও বিনোদনমূলক খেলাধুলা, র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান, লোকসংগীতের মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরারও চেষ্টা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আমির হোসেন লিটন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাহতাব আহমেদ ও আবুল হোসেন, এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, নিজু আহমেদ, কোষাধক্ষ্য জাকির আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক দিলদার হোসেন, দপ্তর সম্পাদক আজির হোসেন, ক্রীড়া সম্পাদক ইকবাল হোসেন, সহ প্রচার সম্পাদক পাভেল আহমেদ, সদস্য আশরাফ আহমেদ, তন্ময়, সাইফুল আহমেদ, রাজু আহমেদ সহ আরও অনেকেই।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, প্রবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
সারাদিনের আনন্দ-উৎসব শেষলগ্নে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ব্যস্ত প্রবাসজীবনের একঘেয়েমি দূর করে পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে এমন মিলনমেলা প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। এবং শেষে দিনব্যাপী বিভিন্ন খেলাধুলার বিজয়ী ও লটারি ড্র বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
প্রতিনিধির নাম 


















