
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁ জেলার বদলগাছীতে জমির আইল কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাসান রমনের বাম হাতের কব্জি ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হওয়ার অভিযোগ উঠেছে,সেই সাথে তার মাকে ও আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) দুপুরে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাসান রমন (৪০) ওই গ্রামের দুদু মিয়ার ছেলে। ঘটনার পর তাকে ও তার মা বিউটি বেগমকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমির আইল কাটা নিয়ে হাসান রমনের সঙ্গে একই গ্রামের মিজানুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হলে মিজানুর রহমানের হাতে থাকা ধারালো হাসুয়ার আঘাতে হাসানের বাম হাতের কব্জি গুরুতর জখম হয়। এতে কব্জির একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ছেলেকে উদ্ধারে এগিয়ে গেলে হাসানের মা বিউটি বেগমকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় হাসান রমনের বাবা দুদু মিয়া বাদী হয়ে বদলগাছী থানায় মামলা করেছেন। মামলায় মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, মিজানুর রহমান মথুরাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং আমেনা বেগম একই ওয়ার্ডের সভানেত্রী। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান দুই আসামি মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিনিধির নাম 


















