
নেজাম উদ্দীন, রাঙ্গুনিয়া:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে দুই দিনব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য জননেতা হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
গত ১৪ ও ১৫ জুলাই উপজেলার ছাইনীপাড়া দলীয় কার্যালয়ে আয়োজিত এ ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি মোহাম্মদ সাবের। এ সময় বন্যাকবলিত ৪৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্যাকেট বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে মোহাম্মদ সাবের বলেন, “হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আমরা মাঠে কাজ করছি। শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত এবং তাদের পুনর্বাসনের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।”
ত্রাণ গ্রহণকারী কয়েকজন বন্যাদুর্গত ব্যক্তি জানান, সাম্প্রতিক বন্যায় তাদের ঘরবাড়ি, ফসল ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সহায়তা পর্যাপ্ত না পাওয়ায় তারা চরম দুর্ভোগে ছিলেন। এ অবস্থায় বিএনপির পক্ষ থেকে দেওয়া খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তাদের জন্য কিছুটা স্বস্তি বয়ে এনেছে।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রাশেদুল আলম, পোমরা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন, ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নাজিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাদশা, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ সুমন, জালাল, নাছের এসকান্দর, শরিফ, বোরহান উদ্দিন সোহানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতারা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার কর্মসূচি অব্যাহত থাকবে। মানবিক সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তারা জানান।
প্রতিনিধির নাম 


















