
নুরুজ্জামান লিটন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় হানিট্র্যাপের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে মুক্তিপণ আদায়কারী একটি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।
পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গত ১৪ জুলাই রাতে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হানিট্র্যাপের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের চার সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা ফেসবুক পেজ ও ইমো অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচয় গড়ে তুলে কৌশলে তাদের ভাড়া বাসায় নিয়ে আসত। পরে ভিকটিমদের মারধর করে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করা হতো। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত চক্রটি।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চক্রটির দুই নারী ও দুই পুরুষ সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চক্রটির পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধির নাম 


















