
নিজস্ব প্রতিবেদক
সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ (সিজন-০২)’ পেয়েছেন উদীয়মান কবি ও লেখক মিনহাজ রিপন। সম্প্রতি রাজধানীর বিজয়নগরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
‘মানবাধিকার প্রতিদিন’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্টার বাংলাদেশ মিডিয়া’ ও ‘মানবাধিকার প্রতিদিন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সমাজ, সাহিত্য, গণমাধ্যম, সংস্কৃতি ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় সাহিত্যে সৃজনশীল অবদান এবং ধারাবাহিক লেখালেখির স্বীকৃতি হিসেবে কবি মিনহাজ রিপনকে ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬’-এ ভূষিত করা হয়।
মিনহাজ রিপনের প্রকাশিত কাব্যগ্রন্থ ‘তোমার প্রেমের নোঙর হোক আমার মনের বন্দরে’ ইতোমধ্যে পাঠকমহলে প্রশংসিত হয়েছে। প্রেম, মানবিকতা ও জীবনবোধের নানা অনুষঙ্গ নিয়ে রচিত এ গ্রন্থ তাকে সমকালীন তরুণ কবিদের মধ্যে একটি স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং জাসাসের ফাউন্ডার জয়েন্ট কনভেনার রেজাবুদ্দৌলা চৌধুরী। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় কবি মিনহাজ রিপন বলেন, এই সম্মাননা আমার সাহিত্যচর্চার পথকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে। পাঠকদের ভালোবাসা ও উৎসাহই আমার লেখালেখির সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও মানসম্মত সাহিত্যকর্মের মাধ্যমে পাঠকদের প্রত্যাশা পূরণে কাজ করে যেতে চাই।”
আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রতিনিধির নাম 


















