
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি,নওগাঁ
নওগাঁর বদলগাছী উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পিকআপের ধাক্কায় গৌরী পাহান (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে বদল গাছি উপজেলার গোবরচাঁপা বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৌরী পাহান উপজেলার চাপাইনগর গ্রামের খোকন পাহানের বড় মেয়ে। সে স্থানীয় গোবরচাপা কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও স্কুল ছুটি শেষে হেঁটে বাড়ি ফিরছিল গৌরী। পথে গোবরচাপা বাজার থেকে প্রায় ৩০০-৩৫০ মিটার দক্ষিণে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপটির পিছু ধাওয়া করে সেটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যান। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
গৌরীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশী, সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কে প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে, ফলে দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, পলাতক চালককে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিনিধির নাম 


















