
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে রঘুনাথপুর টিএন্ডটি পাড়ার মৃত আব্দুল মতিনের ছেলে রাকিবুল ইসলাম ওরফে রাকিব ১০ পিস টাপেন্টা ডল ট্যাবলেট এবং মিত্রবাটি (নেতার মোড়) এলাকার মকছেদ আলীর ছেলে আরিফুল ইসলাম (২১)-কে ১০ পিস করে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, মাদক সেবনের অভিযোগে চার ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার খনগাঁ ইউনিয়নের চাঁদপুর এলাকায় এবং বৃহস্পতিবার রাত ১১টার দিকে রঘুনাথপুর রেললাইন সংলগ্ন জোড়া কবর ও বথপালিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হেরোইন সেবনের দায়ে খনগাঁ ইউনিয়নের চাঁদপুর গ্রামের ফকিরের ছেলে হান্নানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে পৌরসভার রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ তপনের ছেলে তুহিন এবং একই এলাকার মৃত তোজাম্মেল ইসলামের ছেলে মহসিন ওরফে ডিংগাকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। একই অপরাধে বথপালিগাঁও গ্রামের মৃত আমিরুলের ছেলে রানাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার দুই মাদক কারবারির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া চার মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে জনগণের সহযোগিতা প্রয়োজন। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”
প্রতিনিধির নাম 


















