
নুরুল কবির আরমান, বিশেষ প্রতিনিধি।।
খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জামতল কারিমিয়া দারুত্বতাকওয়া মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের শিশু কন্যা মোসাম্মৎ আসলিহান (২) পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৬ জুন) দুপুরে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের সীমান্তবর্তী মধুগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু আসলিহান পরিবারের সাথে ফেনীতে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। শনিবার দুপুরে সবার অসাবধানতাবশত সে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহতের জেঠা ইব্রাহিম খলিল আল ফরিদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানাজা ও দাফন
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (৬ জুন) রাত ৯টায় খাগড়াছড়ির মানিকছড়ির তিনটহরী মহিউসসুন্নাহ মাদরাসা মাঠে শিশুটির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
শোক প্রকাশ
খাগড়াছড়ির বিশিষ্ট এই আলেমের শিশু কন্যার এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত , শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মহান আল্লাহর নিকট জান্নাত ফেরদৌসে উচ্চ মোকাম কামনা করেন ।
প্রতিনিধির নাম 


















