
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
নারীর অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, আইনি সহায়তা সহজলভ্য করা এবং সমাজে নারীর ক্ষমতায়ন জোরদার করার লক্ষ্যে কক্সবাজারে নারী আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছে খান ফাউন্ডেশন। “বিভিন্ন পর্যায়ে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ” শীর্ষক এ সভায় নারী অধিকার রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট রোখসানা খন্দকার। তিনি বলেন, “নারীর অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আইনজীবীদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজে বিদ্যমান বৈষম্য, সহিংসতা ও প্রতিবন্ধকতা দূর করতে নারী আইনজীবীদের আরও সক্রিয় ও নেতৃত্বমূলক ভূমিকা পালন করতে হবে। নারীদের জন্য একটি নিরাপদ, সমতাভিত্তিক ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।”
তিনি আরও বলেন, খান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে নারী উন্নয়ন, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, নেতৃত্ব বিকাশ এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নারীদের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্তার উদ্দিন হেলালী এবং নারী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট প্রতিভা দাশ।
বক্তারা বলেন, সমাজে নারীরা এখনও নানা ধরনের বৈষম্য, নির্যাতন ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় নারী আইনজীবীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, আইনি সহায়তা প্রদান এবং মানবাধিকার সুরক্ষায় পেশাজীবীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
সভায় অংশগ্রহণকারী নারী আইনজীবীরা তাদের পেশাগত অভিজ্ঞতা, বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, নারী আইনজীবীদের দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং নেতৃত্ব বিকাশের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বিচার ব্যবস্থায় নারীদের অবদান আরও বৃদ্ধি করা সম্ভব।
প্রকল্প সমন্বয়কারী ওমর খৈয়ামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নারী আইনজীবী, মানবাধিকারকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, “বিভিন্ন পর্যায়ে নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণ” কর্মসূচিটি খান ফাউন্ডেশনের উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে পালস বাংলাদেশ। সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং নাগরিকতা-জিএফএর কারিগরি সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে নারীদের নেতৃত্ব, অধিকার সচেতনতা এবং সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সভা শেষে বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে নারী আইনজীবীদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিনিধির নাম 


















