
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
পাথরঘাটায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) উপজেলা প্রশাসন সভাকক্ষে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর বাস্তবায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর সহযোগিতায় পরিচালিত “কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ)” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। তিনি উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দুর্যোগ মোকাবিলায় সকলের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সিআরইএ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী “দুর্যোগ ব্যবস্থাপনা ও পাথরঘাটার প্রেক্ষাপট” বিষয়ে উপস্থাপনা দেন। তিনি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, নিরাপদ পানির সংকট, জীবিকাগত সমস্যা এবং আশ্রয়কেন্দ্রের সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় নারগীস পারভিন মুক্তি সিআরইএ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও সেবাসমূহ নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মহসিন হোসেন দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান। এমসিএইচ-এফপি ডা. প্রিন্স কুমার রায় দুর্যোগকালীন সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সিপিপি টিম লিডার আরাফাত ছগীর জানান, দুর্যোগকালীন প্রচারণা, জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং সাইক্লোন সেন্টার ব্যবস্থাপনায় সিপিপি ভলান্টিয়াররা সর্বদা প্রস্তুত রয়েছে। টিইও (প্রাথমিক শিক্ষা) জিনাত জাহান বিদ্যালয়ভিত্তিক সাইক্লোন সেন্টারগুলোতে স্বাস্থ্যসম্মত পরিবেশ, হাইজিন ব্যবস্থা এবং মাতৃদুগ্ধ কর্নার স্থাপনের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
এছাড়া জিকা সভাপতি সফিকুল ইসলাম খোকন সাইক্লোন সেন্টারে যাওয়ার সংযোগ সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান। চরদুয়ানী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন সকল সাইক্লোন সেন্টার পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী রাখার আশ্বাস দেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। তিনি দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রম, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বিশেষভাবে সাইক্লোন সেন্টারসমূহকে আরও কার্যকর ও নিরাপদ রাখার আহ্বান জানান এবং দুর্যোগের সময় শিশু ও গর্ভবতী নারীদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। পরে সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিনিধির নাম 


















