
নুরুজ্জামান লিটন,জেলা প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁ জেলার মান্দা থানা এলাকায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুইটি বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ অনলাইন জুয়ারিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ডিভাইস ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে রাত ১০টা ৫৫ মিনিটে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় সার্কেল এএসপি মান্দা আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার এবং অনলাইনে জুয়ার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন
মোঃ সোহেল হোসেন (২৪), মোঃ রবিউল ইসলাম (১৯) ও মোঃ সোহেল রানা (২০)।
পুলিশ জানায়, প্রধান আসামি ও মূলহোতা সোহেল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং ৫টি পিসি মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২০, ২২(২), ২৪(২) ও ২৭(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এরপর ১৫ মে রাত সাড়ে ৩টার দিকে একই নেতৃত্বে দিনবনি হাড়ি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফজলুর রহমানের একতলা বাড়ির নিচতলায় পরিচালিত একটি অনলাইন জুয়ার সেন্টারের সন্ধান পায় পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সেখানে রুম ভাড়া নিয়ে কয়েকজন তরুণ অনলাইন জুয়ার আসর পরিচালনা করছিল। বিভিন্ন এলাকা থেকে এসে গভীর রাতে সেখানে অনলাইন জুয়ায় অংশ নিতেন জুয়ারিরা। অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১১টি পিসি, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং ৩টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অনলাইন জুয়ার মাধ্যমে বিপুল পরিমাণ ডলারের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলা জুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতে এ অভিযান আরও জোরদার করা হবে।”
প্রতিনিধির নাম 


















