
কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটে ৬ হাজার ৬৪৬ জন কৃষকের ৫ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৯৩ টাকার কৃষিঋণ মওকুফ করবে সরকার। একইসঙ্গে কৃষকদের সুবিধার্থে জেলার ২৫টি খালে ৪৮ দশমিক ৫৫ কিলোমিটার খাল খনন এবং ৩৮ হাজার ৩০০টি গাছ রোপণ করা হবে।
বুধবার(১৩মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন কর্মসূচির সুফল নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল, অগ্রণী ব্যাংকের এজিএম মো. শরিফুল ইসলাম, সামাজিক বন বিভাগের কর্মকর্তা চিন্ময় মধু এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শোনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসেন লিটনসহ স্থানীয় সাংবাদিকরা।
সভায় সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফ কর্মসূচির সুফল তুলে ধরা হয়।
বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, ক্রীড়া বিকাশ, সুষম উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আইনের শাসন এবং সামাজিক ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
তিনি আরোও বলেন, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফের মতো উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। এসব কার্যক্রম যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বাস্তবায়ন হয়, সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে।
