
শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীল প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মে ২০২৬) এ আয়োজনের মাধ্যমে স্থানীয় কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলার উপ-পরিচালক জনাব নাসির উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিসকাতুল তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম।
কংগ্রেসে বিভিন্ন ইউনিয়নের কৃষক, কৃষাণী, কৃষি উদ্যোক্তা, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন সফল কৃষি উদ্যোগ, আধুনিক চাষাবাদ পদ্ধতি, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন কৌশল এবং পুষ্টি-সংবেদনশীল কৃষির অভিজ্ঞতা তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি কৃষকদের নতুন নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করেন এবং সরকারি সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা(অ:দা:) মিসকাতুল তামান্না বলেন, পার্বত্য অঞ্চলের কৃষিকে আরও টেকসই ও লাভজনক করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মাঠ পর্যায়ে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি একটি হিমাগারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। কৃষি অধিদপ্তরের নিকট অনুরোধ করেন যাতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে অন্তত একটি হিমাগার স্থাপন করা হয়। এতে করে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রির ক্ষেত্রে সময় নিতে পারবে এবং সঠিক মূল্য দিয়ে বাজারজাত করতে পারবে।
এ আয়োজনের মাধ্যমে স্থানীয় কৃষকদের মাঝে জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা শেয়ারিং এবং নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহ বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। কৃষি উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রতিনিধির নাম 


















