
শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি:
কাপ্তাই হ্রদের মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি এবং হ্রদের পরিবেশগত ভারসাম্য রক্ষায় আগামী ২৫ এপ্রিল ২০২৬ থেকে সকল প্রকার মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ে গত ২০ এপ্রিল অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং হ্রদের জীববৈচিত্র্য রক্ষায় এ পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।
নিষেধাজ্ঞা চলাকালীন মাছ ধরা, বাজারজাতকরণ, শুকানো, পরিবহন ও মজুদ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহালছড়ি উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসরুল্লাহ আহমেদ জানান, নিষেধাজ্ঞা যথাযথভাবে মানা হলে হ্রদের মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা ভবিষ্যতে জেলেদের আর্থিক অবস্থার উন্নয়নেও সহায়ক হবে। পাশাপাশি সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও জানান, এ সময় মহালছড়ির নিবন্ধিত জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান করা হবে, যাতে নিষেধাজ্ঞাকালীন সময়ে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।
উল্লেখ্য, প্রতিবছরই কার্প জাতীয় মাছের প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদে মাছ ধরায় সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এবছর পানির স্তর ও প্রাকৃতিক পরিস্থিতি বিবেচনায় নিষেধাজ্ঞার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের ফলে কাপ্তাই হ্রদের মাছের প্রাকৃতিক উৎপাদন বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে হ্রদের পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে।
প্রতিনিধির নাম 


















