
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ :
নওগাঁ জেলার পোরশা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি মূল্যবান প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে।
গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে পুলিশ জানতে পারে, পোরশা থানাধীন নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামে এক ব্যক্তির পারিবারিক কবরস্থানে একটি কষ্টিপাথরের মূর্তি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। খবর পাওয়ার পর পুলিশ সুপার, নওগাঁ–এর নির্দেশনায় অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে পুলিশের একটি দল রাত ১১টা ০৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানকালে কবরস্থানের মাঝামাঝি স্থানে একটি আমগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় হিন্দুধর্মীয় দেবতার কষ্টিপাথরের মূর্তি পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপারকে অবহিত করা হলে তাঁর নির্দেশে মূর্তিটি বিধি মোতাবেক উদ্ধার ও জব্দ করা হয়।
উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি এবং ওজন প্রায় ১৩৭ কেজি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কয়েক শতাব্দী বা হাজার বছরের পুরোনো একটি গুরুত্বপূর্ণ ও মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ।
বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধির নাম 


















