
মো. সাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুর-৪ (ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।
সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তিনি বলেন, প্রশাসনকে বলছি, প্রায়ই বলেছি, এখানে প্রচুর কালো টাকা পাঠানো হচ্ছে এবং কথিত যে সন্ত্রাসী তাদের এবং এখানে সরাসরি নির্বাচন করছেন নিক্সন চৌধুরী, উনি তো একটা ছায়া হিসেবে প্রতিনিধিত্ব করছেন।
তিনি আরও স্বতন্ত্র প্রার্থীর নামে অভিযোগ করে বলেন, কালো টাকা ব্যবহার, পরিকল্পিত মিথ্যা প্রচারণা, ভয়ভীতি প্রদর্শন এবং এলাকায় আতঙ্ক তৈরি করা হচ্ছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) দুপুরে বাবুলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।
শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এবং সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্র বিমুখ করতে একটি চক্র পরিকল্পিতভাবে কাজ করছে। এর নেতৃত্বে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ।
সংবাদ সম্মেলনে বাবুল বলেন, মুজাহিদ বেগ গত ১ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে তার কর্মীদের ওপর হামলা ও হুমকির অভিযোগ তুলেছেন। কিন্তু বাস্তবে নির্বাচনী পরিবেশে এখন পর্যন্ত কোনো ধরনের হামলা, রক্তপাত কিংবা বড় কোনো সহিংস ঘটনা ঘটেনি।
তিনি বলেন, “এটা সম্পূর্ণ সাজানো নাটক। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য।”
কালো টাকা দিয়ে ভোট প্রভাবিত করার অভিযোগ
বিএনপির এই প্রার্থী অভিযোগ করে বলেন, মুজাহিদ বেগ ও তার সমর্থকরা এলাকায় প্রকাশ্যে কালো টাকা ব্যবহার করছেন। রাতের আঁধারে গাড়ি বহর নিয়ে এলাকায় ঘোরাফেরা করা হচ্ছে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে অর্থের প্রলোভন দেখানো এবং ভোট কেনার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
বাবুল বলেন, “নির্বাচনে টাকা ছড়ানো হচ্ছে। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বা লোভ দেখিয়ে ভোট ডাকাতির চেষ্টা করা হচ্ছে।”
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল আরও অভিযোগ করেন, মুজাহিদ বেগের লোকজন প্রকাশ্যে ইয়াকুব চেয়ারম্যানকে হত্যার হুমকি দিয়েছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হচ্ছে।
তিনি বলেন, “এ ধরনের হুমকি শুধু একজন ব্যক্তির জন্য নয়, পুরো এলাকার জন্যই ভয়ংকর।
একদিকে তিনি বলেছেন, “২২ তারিখের পর কোনো গ্রেফতার হয়নি, প্রশাসন আন্তরিক”—
অন্যদিকে আবার বলেছেন, “এবার ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন হচ্ছে।”
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল প্রশাসনের কাছে চারটি জোরালো দাবি তুলে ধরেন—
১) ইয়াকুব চেয়ারম্যানকে হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ।
২) অবৈধ অস্ত্র প্রদর্শন ও ভয়ভীতি প্রদর্শনকারীদের অবিলম্বে গ্রেফতার।
৩) মিথ্যা প্রচারণা ও প্রোপাগান্ডা বন্ধে কার্যকর পদক্ষেপ।
৪) কালো টাকা ব্যবহার, রাতের আঁধারে গাড়ি বহর, ভোটারদের ফোন করে ভয় দেখানো এবং ভোট কেনার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা।
সুষ্ঠু নির্বাচনের আহ্বান
সংবাদ সম্মেলনে বাবুল বলেন, “ফরিদপুর-৪ আসনের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চায়। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। কিন্তু যারা কালো টাকা, ভয়ভীতি ও প্রোপাগান্ডা দিয়ে নির্বাচনকে কলুষিত করতে চায়, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব মো. তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম-আহবায়ক কেএম আবু সাইদ, ভাঙ্গা উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা, ফরিদপুর, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীর প্রমুখ।
প্রতিনিধির নাম 


















