
নুরুজ্জামান লিটন, জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে একটি টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্টকে নিয়োগ সংক্রান্ত জেরে অপহরণ ও বেধরক মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বদলগাছী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার বামনপাড়া টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট মো. হুমায়ুন রেজা খান (৪৯), পিতা মৃত হেলাল উদ্দিন খান, সাং চকরামচন্দ্র, নওগাঁ সদর, ৯ অক্টোবর (বুধবার) দুপুর আনুমানিক আড়াইটার দিকে বদলগাছী থানার সন্ন্যাসতলা এলাকায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, জয়পুরহাট জেলার সবুজনগরের মো. বুলেট হোসেন (৪৫), চক কামালের মো. হাবিব হোসেন (৫৫), ও একই এলাকার মো. বছির উদ্দিন (৬৫)সহ আরও ৫-৬ জন মিলে তাকে জোরপূর্বক একটি অটোচার্জার গাড়িতে তুলে জয়পুরহাট সদর উপজেলার ৩ নম্বর বিবাদী অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মো. বছির উদ্দিনের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে বিদ্যালয়ের কর্মচারী নিয়োগসংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর করিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার সময় স্থানীয় নজরুল ইসলাম ও পলাশ ইসলামসহ আরও অনেকে বিষয়টি প্রত্যক্ষ করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী হুমায়ুন রেজা খান জানান, “আমি আমার প্রতিষ্ঠানের সভাপতি ও সহকর্মীদের বিষয়টি জানিয়েছি এবং পরে থানায় এসে লিখিত অভিযোগ করেছি।”
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
