
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
সরকারি নিয়ম উপেক্ষা করে সুপারিনটেনডেন্টের ব্যক্তিগত সিদ্ধান্তে চলছে পাথরঘাটার একটি মাদ্রাসার কার্যক্রম। নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে প্রতিদিনই মাদ্রাসায় তালা ঝুলিয়ে শিক্ষকরা বাড়ি চলে যাচ্ছেন।
নিয়ম অনুযায়ী সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মাদ্রাসা খোলা থাকার কথা থাকলেও বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় বরগুনার পাথরঘাটা উপজেলার ৭নং কাঠালতলী ইউনিয়নের তালুকের চরদুয়ানী নেছারীয়া দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষ, লাইব্রেরি ও অফিস কক্ষে তালা ঝুলছে। ক্লাস চলার কথা থাকলেও শিক্ষার্থী ও শিক্ষক কেউই ছিলেন না।
স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে জানান, বছরের পর বছর এভাবেই চলে আসছে মাদ্রাসার কার্যক্রম। সুপারিনটেনডেন্ট ইদ্রিস আলম পড়াশোনার চেয়ে বালুর ব্যবসা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাদ্রাসার কাজের চেয়ে বালুর ব্যবসাতেই বেশি সময় দেন সুপার। দোকানে কাস্টমার এলেই ক্লাস ফেলে সেখানে চলে যান।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সুপার ইদ্রিস আলম বলেন, আবহাওয়া খারাপ থাকায় আজ একটু আগে ছুটি দিয়েছি। তবে একাধিক দিনে দুপুর ২টার আগেই মাদ্রাসা বন্ধ থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গতকাল আমি ইউএনও অফিসে ছিলাম। কালকে আসেন মাদ্রাসায়, চায়ের দাওয়াত আপনার।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই। তবে সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের আগে কোনো অযুহাতে প্রতিষ্ঠান বন্ধ করার সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধির নাম 


















